থানায় মামলা করতে গিয়ে উল্টো নিজেই আটক হলেন সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমর
- আপডেট সময় : ০৮:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৬১০ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট, শাপলা টিভি:
গত সংসদ নির্বাচনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন আলোচিত নেতা শাহজাহান ওমর।
আজ ঝালকাঠি-১ আসনের এই সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ।
গ্রেফতারের পূর্বে সকালে তিনি বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান। তবে কাঠালিয়া থানায় তার নামে থাকা একটি মামলার জেরে তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হবার আগে বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর। পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর।











